প্রকাশিত: ২০২৬-০৪-০৩ ১২:৪০:৫৫
মাসুদ পারভেজ রূপাই:
১
রাতের ফুলের মতোন সুবাস ছড়ানো শ্যাষে
আমি নিজেকে জবাই করে নিলাম গোলাপের কাঁটায়
পাতলা ফিনফিনে রক্ত দ্রুত দখল করে নেয় চারপাশ
চোখ দুটো চোখ-ওঠার রূপ নিলে আমার জিভ বের হয়ে আসে
আমার দু হাত ভর ছেড়ে দেয় লিখিত শব্দের মতো
কান দুটো নেতিয়ে আসে, মনে হবে শোনার ইচ্ছে মরে গেছে
আর পা দুটো অসাড় হয়ে সটান হয়ে যাবে
যেন, এক পৃথিবী পথ তার চলা হয়ে গ্যাছে
২
হঠাৎ ঘুম ভেঙ্গে গ্যালে নিজেকে খুঁজে পাই অন্ধকার-আলোয়
হিম-হিম বাতাসে আমার শরীর ভিজে যায়
আঙ্গুরালয়ে উদযাপিত শোকসভায় সভাপতির বক্তব্য
বক্তব্যে নানা কাটাছেঁড়া আমাকে নিয়ে-
হঠাৎ, একটা ফিঙে নালিশ জানালো
আমি নাকি ছিলাম, পরিযায়ী হাঁসের মতোন
সৌন্দর্যচরিতমালা’য় আমার নাম লিখেছে বেলীফুল
অতএব ময়নাপাখির ময়নাতদন্ত চলবে
৩
আমি এখন শুয়ে আছি নির্বিকারে
আলো-আঁধারি ঘোল আমাকে কাবু করছে না আর
শব্দের মিছিল থেমে গ্যাছে বৈকালিক ঘোরে
জীবন আমার কাছে হার মেনে নেওয়া এক সৈনিক;
আমি, যুদ্ধের মাঠে গুলি খাওয়া শেষ সৈনিক
আমার লাশ সাক্ষী রেখে আয়োজিত শোকসভায়-
আমি কবিতা পাঠ করছি, আমার পাশে টলায়মান পাবলো নেরুদা
আপনার মন্তব্য